ফসল নষ্ট করে তাণ্ডব দুষ্কৃতীদের
দি নিউজ লায়ন ; নদীয়ার শান্তিপুরের বেশ কয়েকটি গ্রামে তাণ্ডব চালালো দুষ্কৃতীরা। তবে কাউকে মারধর বা খুন জখম করা হয়নি। হাতে না মেরে দুষ্কৃতীরা ভাতে মারার কৌশল নিয়েছে। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, শুক্রবার ভোরে তারা দেখেন বেশিরভাগ চাষের জমিতে বসানো কলাগাছ কেটে উপড়ে ফেলা হয়েছে। মাঠে যে সমস্ত ফসল ছিল সবজি ছিল সেগুলি কেটে নেয়া হয়েছে। জমি নষ্ট করার চেষ্টা হয়েছে।
এমনকি মাচা তৈরীর জন্য যে সমস্ত পাটকাঠি মজুত করে রাখা হয়েছিল সেগুলিও পুড়িয়ে দেয়া হয়েছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় কয়েক লক্ষ টাকা। ঘটনার কথা জানিয়ে ইতিমধ্যেই শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কৃষকরা। গোটা ঘটনায় কার্যত হতবাক ক্ষতিগ্রস্ত কৃষকরা। কে বা কারা কেন এই ধরনের কাজ করলো তারা ভেবে পাচ্ছেন না। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
গ্রামবাসীদের অভিযোগ, এর আগেও একই কায়দায় লোকসভা ভোটের আগে শুধুমাত্র তৃণমূল সমর্থক হওয়ায় কলাগাছ কেটে নেয়া হয়েছিল। ফসলের ক্ষতি করা হয়েছিল। এবারও ঠিক একই কায়দায় অত্যাচার চালানো হলো। তাই ঘটনার পিছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তারা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। বেশ কয়েকটি গ্রামে একই কায়দায় হামলা চালানো হয়েছে ফসলের ক্ষতি করা হয়েছে। কারা এই কাণ্ড ঘটালো তা খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত দুষ্কৃতীদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তার করা হবে।

Post a Comment